আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জানুয়ারি || শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উদয়পুর রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি উৎসব শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে চার দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়।
শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে বিদ্যালয় প্রাঙ্গণে প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্লাটিনাম জুবিলি উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উদয়পুর রমেশ স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বহু প্রজন্মের ছাত্রছাত্রী গড়ে তোলার এক ঐতিহ্যবাহী পীঠস্থান। গত ৭৫ বছরে এই বিদ্যালয় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে উল্লেখযোগ্য অবদান রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের অন্যতম বনেদি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের গরিমা ও মর্যাদা রাজ্যের সীমানা পেরিয়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। এই বিদ্যালয় থেকে শিক্ষালাভ করে অগণিত ছাত্রছাত্রী আজ বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছেন। বিদ্যালয় স্তরে গুণগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে বর্তমান রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক রিংকু লাথের, পুলিশ সুপার ডা. কিরণ কুমার কে সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার চক্রবর্তী স্বাগত ভাষণে বিদ্যালয়ের ৭৫ বছরের গৌরবময় ইতিহাস, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। তিনি জানান, প্লাটিনাম জুবিলি উপলক্ষে আগামী দিনগুলোতে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক একাধিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, প্লাটিনাম জুবিলি উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণকে উৎসবমুখর করে তোলা হয়েছে। প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিলনমেলায় গোটা পরিবেশ আবেগঘন হয়ে ওঠে।
