বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ জানুয়ারি || নাবালিকা ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাইখোড়া থানার পুলিশ। শুক্রবার রাতে জোলাইবাড়ী এলাকার এক নাবালিকা কন্যার পরিবার বাইখোড়া থানায় এসে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। মামলার রুজুর কিছু সময়ের মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত পশ্চিম জোলাইবাড়ীর বাসিন্দা বিকাশ নমঃ (৩৬) নামের অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাস জানান, নাবালিকা ধর্ষণের ঘটনায় থানায় ১ নম্বর মামলা হিসেবে ৬৫-১/৩৫১-১ বিএনএস ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিকাশ নমঃ বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। তিনি জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত বলেও জানা যায়। অন্যদিকে নির্যাতিত নাবালিকা কন্যা বর্তমানে প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। শনিবার তাকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
