মাদক ও মহিলা সংক্রান্ত অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা নিয়ে খোয়াই কলেজে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

গোপাল সিং, খোয়াই, ০৩ জানুয়ারি || ‘পুলিশই পারে মহিলা সংক্রান্ত অপরাধ ও মাদকজাতীয় অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। খোয়াই থানার উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে অংশ নেন কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায়, খোয়াই জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস, মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়াদাসু, খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক পদ্মরাম জমাতিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিস জোসেফ, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, খোয়াই জপলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর অভিজিৎ ভট্টাচার্য্য, কলেজের অধ্যক্ষ ড. খোকন মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
আলোচনা প্রসঙ্গে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার বলেন, ড্রাগস শুধু একজন সেবনকারীকে ধ্বংস করে না, ধীরে ধীরে তার পরিবার, স্ত্রী, সন্তান এবং শেষ পর্যন্ত গোটা সমাজকে গ্রাস করে। মাদক সেবনের ফলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, যার জেরে সড়ক দুর্ঘটনায় নিজের বা অন্যের প্রাণহানির ঘটনাও বাড়ছে। বর্তমানে চুরি ও ডাকাতির মতো অপরাধ বৃদ্ধির পেছনেও অধিকাংশ ক্ষেত্রে মাদক সেবন বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি মহিলা সংক্রান্ত অপরাধ ও এইচআইভি সংক্রমণের ক্ষেত্রেও মাদকের ভূমিকা উদ্বেগজনক বলে জানান তিনি।
খোয়াই জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস তার বক্তব্যে বলেন, প্রতিবেশী বা পরিচিত কেউ ড্রাগস সেবন করছে জেনেও নীরব থাকা সমাজের জন্য ক্ষতিকর। এই প্রবণতার বিরুদ্ধে সমাজকেই এগিয়ে আসতে হবে। তিনি জানান, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে খোয়াই জেলায় এনডিপিএস মামলার সংখ্যা প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। খোয়াই সাব-জেলে বন্দিদের প্রায় ৬০ শতাংশই এনডিপিএস মামলায় অভিযুক্ত, যা পরিস্থিতির গভীরতা স্পষ্ট করে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও মাদক বিরোধী সচেতনতা নিয়ে আলোচনা করেন এবং ড্রাগস মুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। সেখানে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা স্বক্রীয় অংশগ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*