আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জানুয়ারি || রাজধানীর রামনগর এলাকার নিবেদিতা ক্লাব সংলগ্ন স্থানে গতকাল রাতে এক গরিব রিকশা চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একদল যুবক প্রথমে রিকশা চালকের নাম জানতে চায়। নাম জানানোর পর তিনি মুসলমান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত—এ কথা জানতেই তাকে আক্রমণ করা হয় বলে দাবি আক্রান্তের পরিবারের।
আহত রিকশা চালকের নাম দিদার হোসেন। মারধরের ঘটনায় তিনি শারীরিকভাবে গুরুতর আহত হন। ঘটনার পর দিদার হোসেন পশ্চিম আগরতলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানায় পৌঁছান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সংগঠনের মানুষ রামনগর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভে সামিল হন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।
