নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য, সালেমা থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ, প্রেমঘটিত বিরোধের সন্দেহ

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৬ জানুয়ারি || সালেমা মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক যুবতী মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম লিপিকা শর্মা (২৭)। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, লিপিকার মাথায় সজোরে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে রক্তের দাগ ও আঘাতের চিহ্ন মিলেছে। নিহত যুবতী দীর্ঘদিন ধরে তার বাপের বাড়িতেই বসবাস করছিলেন বলে জানা যায়।
মৃতার বাবা জানান, প্রেমঘটিত কোনো সংঘাত থেকেই তার মেয়েকে খুন করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তবে এখনও পর্যন্ত এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি।
উল্লেখ্য, লিপিকার স্বামী দীপক দেবনাথের বাড়ি মানিকভান্ডার ঘাটি এলাকায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সালেমা থানার ওসি দীপক দাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পরে ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে বলে পুলিশ আশাবাদী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*