নারিকেলকুঞ্জে নৌকা দুর্ঘটনা: তৃতীয় দিনেও নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়নি, প্রশ্নের মুখে প্রশাসন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারি || গন্ডাছড়া পর্যটন কেন্দ্র নারিকেলকুঞ্জে নৌকা দুর্ঘটনার ঘটনায় তৃতীয় দিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ যুবক ধর্মজিৎ চাকমার মৃতদেহ উদ্ধার করতে ব্যর্থ প্রশাসন। দুর্ঘটনার পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান চালানো হলেও এখন পর্যন্ত কোনো সাফল্য মেলেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পর্যটন কেন্দ্রের জলাশয়ে নৌকাভ্রমণের সময় অসাবধানতাবশত নৌকা থেকে পড়ে যান ধর্মজিৎ চাকমা। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা যৌথভাবে উদ্ধার কাজে নেমে পড়েন।
তবে তিন দিন ধরে তল্লাশি চালানো সত্ত্বেও নিখোঁজ যুবকের কোনো সন্ধান না মেলায় ক্ষোভ ও হতাশা বাড়ছে স্থানীয় বাসিন্দা ও পরিজনদের মধ্যে। তাঁদের অভিযোগ, উদ্ধার অভিযানে পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম ও দক্ষ ডুবুরি না থাকায় কাজ ব্যাহত হচ্ছে।
এই ঘটনায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্রুত উদ্ধারকাজ জোরদার করে নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করার দাবিও উঠছে বিভিন্ন মহল থেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*