বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ জানুয়ারি || শান্তিরবাজারে ট্রেনের ধাক্কায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বিরচন্দ্র মনু বিধানসভা অন্তর্গত দুর্গারাই পাড়া এলাকায়। মৃত কিশোরের নাম দীপ কুমার রিয়াং (১৬)।
ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় দীপ। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, বাড়ির পাশের নিজস্ব রাবার বাগান ঘুরে রেললাইনের ধারে হাঁটাচলা করার সময় হঠাৎ একটি ট্রেনের ধাক্কায় সে গুরুতরভাবে আহত হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহত কিশোরকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা দীপকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় কিশোরের পরিবারে নেমে এসেছে গভীর শোক, পাশাপাশি এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
