পাঁচ দিনের অনুসন্ধানের পর নারিকেল কুঞ্জে যুবকের নিথর দেহ উদ্ধার

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ জানুয়ারি || অবশেষে দীর্ঘ পাঁচ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটল এক মর্মান্তিক পরিণতিতে। নারিকেল কুঞ্জের জলে তলিয়ে যাওয়া যুবক ধর্মজিৎ চাকমার নিথর দেহ শুক্রবার সকালে হেলিপ্যাড সংলগ্ন এলাকা থেকে ভেসে উঠতে দেখা যায়। আধুনিক প্রযুক্তি ও এনডিআরএফ (NDRF)-এর টানা প্রচেষ্টাতেও যে দেহ উদ্ধার সম্ভব হয়নি, প্রকৃতির নিয়মেই তা দৃশ্যমান হলো জলাশয়ের তীরে।
জানা যায়, গত রবিবার নারিকেল কুঞ্জ পর্যটন কেন্দ্র থেকে দাদুর সঙ্গে নৌকায় চড়ে বাড়ি ফেরার সময় আচমকা ভারসাম্য হারিয়ে জলে পড়ে যান ধর্মজিৎ চাকমা। মুহূর্তের মধ্যেই তিনি গভীর জলে তলিয়ে যান। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও এনডিআরএফ উদ্ধারকাজ শুরু করে।
টানা পাঁচ দিন ধরে এনডিআরএফ সদস্যরা ডুবুরি নামিয়ে ও অত্যাধুনিক সরঞ্জামের সাহায্যে তল্লাশি চালালেও যুবকের কোনো খোঁজ মেলেনি। প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ সত্ত্বেও দেহ উদ্ধারে ব্যর্থ হন উদ্ধারকারীরা।
অবশেষে শুক্রবার সকালে নারিকেল কুঞ্জ হেলিপ্যাড সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা জলে ভাসমান অবস্থায় ধর্মজিতের দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি শনাক্ত করেন। দীর্ঘ পাঁচ দিন পর দেহ উদ্ধার হওয়ায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*