গোপাল সিং, খোয়াই, ১০ জানুয়ারি || খোয়াই জেলায় মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ। খোয়াই থানাধীন পহরমুড়া এলাকা থেকে ১০৫ কৌটা ব্রাউন সুগার সহ প্রসেঞ্জিত বিশ্বাস নামে এক নেশা কারবারিকে আটক করেছে খোয়াই থানার পুলিশ।
শনিবার খোয়াই থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাসের কাছে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে আজ বেলা আনুমানিক পৌনে চারটা নাগাদ এই অভিযান চালানো হয়। জেলা পুলিশের ‘অ্যাকশন টিম’ এবং খোয়াই থানার এসআই ফ্রান্সিস হালামের নেতৃত্বে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবর পেয়ে ‘অ্যাকশন টিম’ পুলিশ পহরমুড়া এলাকায় ওঁত পেতে থাকে। একটি বাস থেকে নামার সময় প্রসেঞ্জিত বিশ্বাসকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০৫ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা বলে জানান ওসি কৃষ্ণধন সরকার।
ধৃত প্রসেঞ্জিত বিশ্বাসকে খোয়াই থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।
সাংবাদিক সম্মেলনে ওসি কৃষ্ণধন সরকার আরও জানান, খোয়াই জেলায় মাদক কারবার সম্পূর্ণরূপে নির্মূল করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। আগামী দিনগুলোতেও এই ধরনের মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
