সুব্রত দাস, গন্ডাছড়া, ২২ জানুয়ারি || গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত সদানন্দ পাড়ায় বুধবার মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অঙ্গ হিসেবে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। গন্ডাছড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে এলাকার ৮ থেকে ৮০ বছর বয়সী শিশু, মহিলা ও বৃদ্ধরা স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেন।
স্বাস্থ্য শিবিরে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক দল উপস্থিত থেকে রক্তচাপ, রক্তশর্করা সহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন সি.এইচ.ও দীপঙ্কর সরকার, এম.পি.ডব্লিউ রতি সরকার এবং আশাকর্মী গঙ্গা দেবী সরকার।
ডুম্বুর জলাশয় সংলগ্ন সদানন্দ পাড়ায় প্রায় ৬৫টি পরিবারের বসবাস। গন্ডাছড়া মহকুমা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই পাড়ায় মূলত রিয়াং সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। জুম চাষ ও মৎস্য শিকারই তাদের জীবিকার প্রধান উৎস।
প্রত্যন্ত এলাকায় এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করায় গ্রামবাসীরা সন্তোষ প্রকাশ করেন এবং রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
