গোপাল সিং, খোয়াই, ২৩ জানুয়ারি || আসন্ন প্রজাতন্ত্র দিবস ২০২৬ উপলক্ষে খোয়াই জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক ডি. কুদিয়ারাসু’র উপস্থিতিতে চাম্পাহাওড় থানার সেকেন্ড অফিসার অজিত দেববর্মা মিডিয়াকে জানান, ৭০ ব্যাটালিয়ন এওআর-এর অধীন আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ইতিমধ্যেই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সীমান্ত এলাকায় যানবাহন তল্লাশি ও পায়ে হেঁটে টহলদারি বৃদ্ধি করেছে। বাচাইবাড়ি, তুলসীরামবাড়ি, বন বাজার, চামু বস্তি এবং আশারামবাড়ি সহ একাধিক স্পর্শকাতর গুরুত্বপূর্ণ এলাকায় এই নজরদারি চলছে। লক্ষ্য একটাই—যে কোনও ধরনের বেআইনি কার্যকলাপ প্রতিহত করা এবং জাতীয় উৎসবের আগে নিরাপত্তা নিশ্চিত করা।
পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, স্থানীয় পুলিশ প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমেই এই নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। নিয়মিত নজরদারি, তল্লাশি এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি বজায় রাখা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কোনও গতিবিধি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসকে শান্তিপূর্ণ ও সুরক্ষিতভাবে উদযাপন করতে প্রশাসন সর্বতোভাবে প্রস্তুত—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
