পুলিশের গাড়ি দুর্ঘটনা, গুরুতর আহত ৪ — থানার বিরুদ্ধে অভিযোগে চরম উত্তেজনা

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৩ জানুয়ারি || রইস্যাবাড়ি থানাকে ঘিরে দীর্ঘদিনের হয়রানির অভিযোগের আবহেই শুক্রবার বিকেলে এক চাঞ্চল্যকর ঘটনায় উত্তাল হয়ে উঠল এলাকা। পুলিশের গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোট চারজন—যার মধ্যে দুইজন পর্যটকবাহী টমটমে থাকা যুবক এবং দু’জন পুলিশ কর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারিকেল কুঞ্জ থেকে পর্যটক নিয়ে একটি টমটম গন্ডাছড়ার দিকে আসছিল। সেই সময় রইস্যাবাড়ি থানার সাব-ইন্সপেক্টর শ্যামল জমাতিয়া টমটমটিকে থামার সংকেত দেন। অভিযোগ, টমটমটি না দাঁড়ানোয় পুলিশ গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে সেটিকে আটক করা হয়। এরপর টমটমের চালক ও সঙ্গে থাকা এক যুবককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
পরে ওই দুই যুবককে পুলিশের গাড়িতে করে গন্ডাছড়ায় নিয়ে যাওয়ার পথে ঠাকুরছড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। অভিযোগ, এসআই শ্যামল জমাতিয়া নিজেই গাড়ি চালাচ্ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ব্রিজের নিচে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন টমটম চালক আকাশ বৈশ্য (২২) ও গৌতম রায় (২৭)। তাঁদের বাড়ি গন্ডাছড়া আইটিআই কলেজ সংলগ্ন এলাকায়। এছাড়াও আহত হন এসআই শ্যামল জমাতিয়া ও এক এসপিও জওয়ান রশমনী চাকমা।
সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় থাকা আকাশ বৈশ্য ও গৌতম রায়কে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁদের উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পর আহত দুই যুবককে ঘটনাস্থলেই ফেলে রেখে পুলিশ চলে যায় এবং পরে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে এগিয়ে আসেন।
এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আহত এসআই শ্যামল জমাতিয়া ও এসপিও জওয়ান রশমনী চাকমাকেও কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়।
ঘটনার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, রইস্যাবাড়ি থানার বিরুদ্ধে ওঠা দীর্ঘদিনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং প্রশাসনিক স্তরে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হোক।
তবে এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*