আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি || নেশা-বিরোধী অভিযানে সাফল্য পেল এ ডি নগর থানার পুলিশ। মধ্য প্রতাপগড়ের জগন্নাথ বাড়ি রোড এলাকা থেকে বিহারের এক মহিলা সহ দুইজন পুরুষকে বিপুল পরিমাণ নিষিদ্ধ এস কফ সিরাপসহ আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে একাধিক বোতল এস কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিরাপগুলোর আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকারও বেশি বলে জানান এ ডি নগর থানার ওসি সুশান্ত দেব।
ঘটনায় আটক তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না এবং উদ্ধার হওয়া নিষিদ্ধ সিরাপ কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে।
