সপ্তাহে পাঁচ দিনের দাবিতে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, ভোগান্তিতে গ্রাহকরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি || সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ) সহ একাধিক ব্যাঙ্ক কর্মচারী সংগঠন। সেই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার, ২৭ জানুয়ারি দেশের পাশাপাশি রাজ্য জুড়েও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ বন্ধ থাকে।
এই ধর্মঘটের ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ব্যাঙ্ক বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় আর্থিক লেনদেন করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ গ্রাহকদের। এটিএম পরিষেবা নিয়েও বহু জায়গায় অনিশ্চয়তা দেখা দেয়।
যদিও মনে করা হচ্ছে, এই ধর্মঘটের প্রভাব দেশের বেসরকারি ব্যাঙ্কগুলিতে তুলনামূলকভাবে কম পড়েছে। বেশ কিছু বেসরকারি ব্যাঙ্কে স্বাভাবিক পরিষেবা চালু থাকলেও, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বন্ধ থাকায় সামগ্রিকভাবে গ্রাহকদের সমস্যার মুখে পড়তে হয়।
উল্লেখযোগ্যভাবে, টানা কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকার পর এই ধর্মঘট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শুক্রবার সরস্বতী পূজা, শনিবার চতুর্থ শনিবার এবং রবিবারের সাপ্তাহিক ছুটির পর সোমবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ ছিল। চার দিনের এই দীর্ঘ ছুটির পর মঙ্গলবারও ব্যাঙ্ক ধর্মঘট হওয়ায় গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছায়।
ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলির দাবি, সপ্তাহে পাঁচ দিনের কাজ চালু করা সহ বিভিন্ন বকেয়া দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে কিনা, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*