শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করতে বসছে তিনটি অত্যাধুনিক পাম্প

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি || শহরবাসীর দীর্ঘদিনের জল যন্ত্রণার অবসান ঘটাতে আগরতলা শহরে আরও তিনটি অত্যাধুনিক জল পাম্প বসানোর উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। এর ফলে শহরবাসী সম্পূর্ণভাবে জল সমস্যামুক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুর প্রশাসন।
মঙ্গলবার আগরতলা পুর নিগমের পূর্ব জোনের অন্তর্গত ২৫ নং ওয়ার্ড এলাকার ধলেশ্বর দেবেন্দ্র রোডস্থিত নবনির্মিত পার্ক প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ২৫ নং ওয়ার্ডের কর্পোরেটর সীমা দেবনাথ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, প্রায় ৫৮ লক্ষ টাকা ব্যয়ে এই পার্কটি নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, একটি এলাকার সুস্থ ও সুন্দর পরিবেশ গঠনে পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পার্ক নির্মাণের মাধ্যমে এলাকার পরিবেশ আরও স্বাস্থ্যকর ও মনোরম হয়ে উঠবে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই পার্কের দাবিতে অপেক্ষা করছিলেন বলেও তিনি উল্লেখ করেন। নাগরিক পরিষেবা প্রদানে কর্পোরেটরদের নিরলস পরিশ্রমের জন্য এদিন তিনি তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
মেয়র দীপক মজুমদার তাঁর বক্তব্যে বলেন, সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক আগরতলা গড়ে তুলতে বিগত চার বছর ধরে আগরতলা পুর নিগম ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। নতুন রাস্তা নির্মাণ, পুরনো রাস্তার সংস্কার, পার্ক ও পুকুরগুলির সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নাগরিক পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি শহরবাসীর উদ্দেশে বলেন, গত চার বছরে পুর নিগম যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কতটা বাস্তবায়ন হয়েছে তা মিলিয়ে দেখার আহ্বান জানান।
মেয়র আরও জানান, পুর নিগম ইতিমধ্যেই আগরতলা শহরকে প্রায় ৮০ শতাংশ জল যন্ত্রণা থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে। আরও তিনটি আধুনিক পাম্প বসানো হলে শহরবাসী শতভাগ জল সমস্যামুক্ত হবেন। পাশাপাশি স্বচ্ছ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। যেসব বাড়িতে এখনও বিশুদ্ধ পানীয় জল পৌঁছায়নি, আগামী এক বছরের মধ্যে সেগুলিতেও জল সংযোগ দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এদিন তিনি আরও বলেন, যেসব পার্ক দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং নেশার আখড়ায় পরিণত হয়েছিল, সেগুলির সংস্কার কাজে হাত দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন নতুন পার্ক নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। ধলেশ্বর দেবেন্দ্র রোডের এই স্থানটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এখানে একটি পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই পার্কটি সম্পূর্ণ হলে এলাকাবাসী এর সুফল ভোগ করতে পারবেন। আগামী ছয় মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে আজ থেকেই নির্মাণকাজ শুরু হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*