আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি || রাজ্যে মাদক বিরোধী অভিযানে আরও এক গুরুত্বপূর্ণ সাফল্য। বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে বোধজংনগর শিল্পাঞ্চলে রাজ্যস্তরের ড্রাগ ডিসপোজাল কমিটির উদ্যোগে প্রি-ট্রায়াল ভিত্তিতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মোট ১৭৫টি মামলার সঙ্গে যুক্ত সাইকোট্রপিক ও মাদকদ্রব্য এই কর্মসূচির আওতায় নিষ্পত্তি করা হয়।
এদিনের মাদক ধ্বংস অভিযানে ৩,৭৫৯.৮৮ কেজি গাঁজা, ৫,৯৮১ বোতল কফ সিরাপ, ২ লক্ষ ৬৮ হাজার ৩৬২টি ট্যাবলেট এবং ২৩১.৯১৯ গ্রাম হেরোইন সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। নির্ধারিত বিধি ও পরিবেশবান্ধব প্রক্রিয়ার মাধ্যমে এই নিষ্পত্তি কার্যক্রম সম্পন্ন হয়।
ড্রাগ ডিসপোজাল কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের আইজি (ল অ্যান্ড অর্ডার) মানচাক ইপার, আইপিএস-এর উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। তাঁর সঙ্গে কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূল ও যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করতে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান ও দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাদক চক্রের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।
