গোপাল সিং, খোয়াই, ২৭ ফেব্রুয়ারী || ভারতীয় ন্যায় সংহিতার ২৪৯ ধারা অনুযায়ী ওয়ারেন্টভুক্ত এক অভিযুক্তকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা-র গ্রেপ্তারের দাবিতে আজ অমরপুরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে ত্রিপুরা সিভিল সোসাইটি।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ধর্ষণ মামলায় অভিযুক্ত ও ওয়ারেন্টের আসামি প্রসেনজিৎ দেববর্মা-কে আশ্রয় দেওয়ার মাধ্যমে আইন লঙ্ঘন করা হয়েছে। তাই ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়।
বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত বলে মত প্রকাশ করেন। এ বিষয়ে সরকারি মহলের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
