বলরাম দেবনাথ, সাব্রুম, ২৭ ফেব্রুয়ারী || শুক্রবার পশ্চিম লুধুয়া উপস্বাস্থ্য কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ন্যাশনাল অ্যাশিওরেন্স কোয়ালিটি স্ট্যান্ডার্ড (NAQS) নির্ধারণের উদ্দেশ্যে একটি কেন্দ্রীয় পরিদর্শক দল পরিদর্শনে আসেন। সকাল সাড়ে এগারোটা নাগাদ দুই সদস্যের এই দল উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান।
পরিদর্শক দলে উপস্থিত ছিলেন ডক্টর প্রণয় দত্ত (পশ্চিমবঙ্গ) এবং ডক্টর প্রানজল তৈমনি (অসম)। তাঁদের আগমনে উপস্বাস্থ্য কেন্দ্রে সংবর্ধনার আয়োজন করা হয়। ডক্টর সৌমিক হাজরা-এর নেতৃত্বে সিএসও ও আশা কর্মীরা পরিদর্শক দলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কনফারেন্স হলে নিয়ে যান।
কর্মসূচির সূচনায় দুই পরিদর্শক চিকিৎসক উপস্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে দুটি গাছ রোপণ করেন। এরপর কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্ধারিত চেকলিস্টের ভিত্তিতে বিভিন্ন পরিষেবা, অবকাঠামো, নথিপত্র ও স্বাস্থ্যসেবার মান যাচাই করে তথ্য সংগ্রহ করেন পরিদর্শক দল।
এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে ডক্টর সৌমিক হাজরা জানান, প্রতিবছর National Health Mission-এর উদ্যোগে রাজ্যের বিভিন্ন হাসপাতাল, উপস্বাস্থ্য কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় মান যাচাইয়ের জন্য পরিদর্শক দল পাঠানো হয়। এরই অংশ হিসেবে শুক্রবার পশ্চিম লুধুয়া উপস্বাস্থ্য কেন্দ্রে দুই সদস্যের এই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিদর্শক দল পরিদর্শনে আসেন।
পরিদর্শনকে ঘিরে স্বাস্থ্যকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এই ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
