বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে সচেতনতা কর্মসূচি, ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ সংরক্ষণে জোর বনমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ || বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রকৃতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ মার্চ সারা বিশ্বের পাশাপাশি রাজ্যেও পালিত হলো বিশ্ব বন্যপ্রাণী দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল— “ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য এবং জীবিকা সংরক্ষণ।” এই প্রতিপাদ্যের মাধ্যমে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় সম্প্রদায়ের জীবিকা টিকিয়ে রাখতে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এই উপলক্ষে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে এক বিশেষ আলোচনা সভা ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনদপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বনদপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী বলেন, ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ আমাদের প্রাচীন চিকিৎসা পদ্ধতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং গ্রামীণ অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। এসব উদ্ভিদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বন ও বন্যপ্রাণী রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
বক্তারা জানান, জীববৈচিত্র্য সংরক্ষণ কেবল পরিবেশ রক্ষার জন্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও টেকসই জীবন নিশ্চিত করার জন্যও অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই প্রকৃতি ও পরিবেশকে সুরক্ষিত রাখা সম্ভব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*