বলরাম দেবনাথ, সাব্রুম, ১১ মার্চ || শিক্ষক বদলীর প্রতিবাদে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার দমাদম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর দৌলবাড়ী এলাকায় বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়ায়। উত্তর দৌলবাড়ী এস বি স্কুলের সামনে ছাত্রছাত্রী ও স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি)-র সদস্যরা যৌথভাবে রাস্তা রোকো কর্মসূচি পালন করেন।
বুধবার সকাল প্রায় ১০টা থেকে ছাত্রছাত্রী, অভিভাবক ও এসএমসি সদস্যরা উত্তর দৌলবাড়ী–রেল রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তাদের প্রধান দাবি, স্কুলের শিক্ষক দেবব্রত মজুমদারকে অন্যত্র বদলী করা যাবে না।
বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমানে স্কুলটিতে মোট ৫৭ জন ছাত্রছাত্রী রয়েছে এবং শিক্ষক-শিক্ষিকার সংখ্যা মাত্র ৬ জন। এই অবস্থায় দেবব্রত মজুমদারের বদলী হলে পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হবে।
স্থানীয়রা জানান, শিক্ষকের বদলী সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হলে ভবিষ্যতেও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।
এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের নজর পড়ে বিষয়টির উপর। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা যায়।
