গোপাল সিং, খোয়াই, ১৩ মার্চ || মদ বিরোধী বিশেষ অভিযানে সাফল্য পেল কল্যাণপুর থানার পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করা হয়েছে এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কল্যাণপুর থানার উদ্যোগে মোহরছড়া বাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই অঞ্জন দেববর্মা এবং মহিলা এএসআই হিমানি দেববর্মা।
অভিযানের সময় বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আবগারি আইনের ৬৯ ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ৪৫ ধারায় প্রসিকিউশন রিপোর্ট দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। অবৈধ মদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
