গোপাল সিং, খোয়াই, ১২ মার্চ || খোয়াই শহরে বিগত ৬ দিন যাবত চার সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। নিখোঁজ ওই গৃহবধূর সন্ধানে অসহায় স্বামী শেষপর্যন্ত সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন।
নিখোঁজ গৃহবধূর নাম চুমকি মনি ঋষিদাস। তাঁর স্বামী বিশ্বনাথ মনি ঋষিদাস জানান, তাদের বাড়ি খোয়াইয়ের ঋষিপাড়ায়। তিনি অভিযোগ করেন, অনেক কষ্টার্জিত উনার জমানো প্রায় ৪৫ হাজার টাকা উনার স্ত্রী চুমকি মনি ঋষিদাস তার বাবার বাড়িতে দিয়ে দেন। পরে দীর্ঘদিন কেটে যাওয়ার পর ওই টাকা ফেরত আনার বিষয়ে স্ত্রীকে বললে গত শনিবার তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং এরপর আর ফিরে আসেননি।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপর বিষয়টি জানিয়ে খোয়াই মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন স্বামী। কিন্তু ঘটনার ৬ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত গৃহবধূর কোনও খোঁজ না মেলায়, সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো ঘটনাটি তুলে ধরেন স্বামী বিশ্বনাথ মনি ঋষিদাস। চার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে স্ত্রীকে দ্রুত ফিরে পাওয়ার আবেদন জানান তিনি। তিনি আরও বলেন, কেউ যদি তাঁর স্ত্রী চুমকি মনি ঋষিদাসের কোনও সন্ধান পান, তবে অনুগ্রহ করে ৮৭৯৮৭১০৯৪৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
