ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শুরু, রাজ্যপালের ভাষণে নীতি ও ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ || রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। ত্রিপুরা বিধানসভা ভবনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। চলতি এই বাজেট অধিবেশন আগামী ২৫ মার্চ পর্যন্ত চলবে।
শুক্রবার সকাল ১১টায় অধিবেশন শুরু হলে প্রথা অনুযায়ী রাজ্যপাল বিধানসভায় তাঁর ভাষণ প্রদান করেন। ভাষণে তিনি রাজ্য সরকারের গত সময়ের বিভিন্ন সাফল্য, নীতি এবং ভবিষ্যতের উন্নয়নমূলক কর্মসূচি ও অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরেন।
বিধানসভার সচিবালয়ের জারি করা সরকারি কার্যসূচি অনুযায়ী, রাজ্যপালের ভাষণ শেষে তার একটি কপি বিধানসভার টেবিলে উপস্থাপন করেন বিধানসভার সচিব। একই সঙ্গে রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনের প্রস্তাব উত্থাপন এবং বিজনেস অ্যাডভাইজরি কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনার বিষয়টিও অধিবেশনের কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে, নতুন অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল। প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অধিবেশনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোকপ্রস্তাব গ্রহণ করার কথাও রয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, বাজেট অধিবেশনের আগামী দিনগুলিতে রাজ্যের গুরুত্বপূর্ণ আইনগত ও আর্থিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন নীতি, উন্নয়নমূলক উদ্যোগ এবং বাজেট বরাদ্দ সংক্রান্ত বিষয়গুলিও এই অধিবেশনে পর্যালোচনা করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*