শহীদ উত্তম কুমার সিং গুরুংকে শ্রদ্ধা নিবেদন সিআরপিএফের, সাব্রুমে স্মরণ অনুষ্ঠান

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৩ মার্চ || ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৩ই মার্চ অসমে উগ্রবাদীদের বিরুদ্ধে টহলদারি চলাকালে অতর্কিত হামলায় শহীদ হন সিআরপিএফের ৬০ ব্যাটালিয়নের জওয়ান সাব্রুম শহরের উত্তম কুমার সিং গুরুং। সেই হামলায় তাঁর সঙ্গে আরও শহীদ হন সিআরপিএফ জওয়ান যশবন্ত সিং, হরেন্দ্র চৌধুরী, পি. এস. মাধুরি এবং ড্রাইভার জওহর লাল।
শহীদদের স্মরণে প্রতি বছর তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)। সেই ধারাবাহিকতায় শুক্রবার আগরতলা থেকে সিআরপিএফের ইন্সপেক্টর সুধীর কুমারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাব্রুমে শহীদ উত্তম কুমার সিং গুরুংয়ের বাড়িতে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এই উপলক্ষে ইন্সপেক্টর সুধীর কুমার সংবাদমাধ্যমকে জানান, দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করা একজন বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তারা গর্বিত। তিনি বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় শহীদদের এই আত্মত্যাগ সর্বদা জাতির কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*