বিজেপি প্রার্থীর সভায় তিপ্রা মথার দুই বিধায়ক, আমবাসা কাণ্ডে ক্ষোভ রঞ্জিত দেববর্মার, শাস্তিমূলক ব্যবস্থার দাবি জোরদার

গোপাল সিং, খোয়াই, ২৮ মার্চ || রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে আমবাসার একটি ঘটনা। তিপ্রা মথা পার্টির দুই বিধায়ককে বিজেপি প্রার্থীর সঙ্গে সাংগঠনিক বৈঠকে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া জানালেন দলেরই বিধায়ক রঞ্জিত দেববর্মা।
ঘটনার সূত্রপাত, আমবাসায় অনুষ্ঠিত দু’টি পৃথক সভায় শরিক দল তিপ্রা মথা থেকে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এবং বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার উপস্থিতি ঘিরে। বিজেপি প্রার্থীকে নিয়ে আয়োজিত ওই সাংগঠনিক বৈঠকে তাঁদের অংশগ্রহণের বিষয়টি প্রকাশ্যে আসতেই দলীয় অন্দরমহলে অসন্তোষ দানা বাঁধে।
বিধায়ক রঞ্জিত দেববর্মা স্পষ্ট ভাষায় জানান, নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে দলের দুই বিধায়কের এ ধরনের ভূমিকা অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের। তাঁর মতে, তিপ্রা মথা পার্টির নির্বাচনী প্রচার থেকে দূরে থেকে বিজেপির হয়ে প্রচারে শামিল হওয়া দলীয় শৃঙ্খলার পরিপন্থী।
তিনি আরও জানান, আমবাসার একটি সরকারি ভবনে বিজেপি প্রার্থীকে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই বিধায়কের উপস্থিতি রাজ্য রাজনীতিতে চলা নানা জল্পনাকে আরও উসকে দিয়েছে। এর ফলে তিপ্রা মথা পার্টির অভ্যন্তরীণ অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে, দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত দুই বিধায়কের বিরুদ্ধে তিপ্রা মথা পার্টি কী ধরনের পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আসতে পারে বলেই মনে করছেন সাধারণ মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*