কৈলাসহরে নেশা বিরোধী অভিযানে সাফল্য, ৩৫ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২

গোপাল সিং, খোয়াই, ২৮ মার্চ || নেশা কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। শুক্রবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে লক্ষ্মীছড়া ব্রিজ সংলগ্ন বাঁধেরপার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মিলন চৌধুরীর ছেলে মিঠু চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে মোট ৩৫টি কৌটা ব্রাউন সুগার উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক কারবার চলছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল। পুরপরিষদের ১২ নম্বর ওয়ার্ডের আরজিএম হাসপাতাল সংলগ্ন এই এলাকাতেই মিঠু চৌধুরী ও তার স্ত্রী মাম্পি চৌধুরী ঘর থেকে এই অবৈধ ব্যবসা চালাতেন বলে অভিযোগ।
অভিযানের সময় মূল অভিযুক্ত মিঠু চৌধুরী পালিয়ে যেতে সক্ষম হলেও, তার স্ত্রী মাম্পি চৌধুরী এবং ইরানি থানার লাটিয়াপুরা এলাকার বাসিন্দা নির্মল মালাকারকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
অভিযানের গুরুত্ব বিবেচনায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক, কৈলাসহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস মালাকার এবং মহকুমা শাসক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রিম্পি দেব। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী ও ত্রিপুরা স্টেট রাইফেলস মোতায়েন করা হয়।
অভিযানের খবর ছড়িয়ে পড়তেই লক্ষ্মীছড়া ব্রিজ এলাকায় ব্যাপক ভিড় জমে যায়, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, পলাতক মিঠু চৌধুরীকে গ্রেফতারের জন্য তল্লাশি জারি রয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*