বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ এপ্রিল || আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার শুরু করেছে বিজেপি। আগামী ১২ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচনে ২৬ নম্বর বীরচন্দ্র কলসী আসনে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে মাঠে নেমেছে দলীয় নেতৃত্ব।
মঙ্গলবার ৩৮ জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের ৫২ নম্বর বুথ এলাকায় জনসংযোগ অভিযান পরিচালনা করেন বিজেপির জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরা। তাঁর নেতৃত্বে দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং রাজ্যে বিজেপি পরিচালিত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন।
এই প্রচার অভিযানে সমঞ্জয় ত্রিপুরা স্থানীয় বাসিন্দাদের কাছে আহ্বান জানান, এডিসি এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াংকে বিপুল ভোটে জয়ী করতে।
জনসংযোগ অভিযান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এদিনের প্রচারে ব্যাপক সাড়া মিলেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন এডিসি নির্বাচনে ২৬ নম্বর বীরচন্দ্র কলসী আসন থেকে বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াং বিপুল ভোটে জয়লাভ করবেন।
