সাব্রুম–মনুঘাট সড়কে অটো দুর্ঘটনা, আহত ৫ — তিনজন ট্রমা সেন্টারে রেফার

বলরাম দেবনাথ, সাব্রুম, ০২ এপ্রিল || বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ সাব্রুম–মনুঘাট সড়কের দৌলবাড়ী হাই স্কুলের সামনে একটি অটো দুর্ঘটনার ঘটনা ঘটে। জানা যায়, অটোটি মনুঘাট বাজার থেকে সাব্রুমের দিকে আসছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথমে অটোটি চালাচ্ছিলেন সজল দেবনাথ। পরে পথেই তাঁর স্ত্রী গীতা দেবনাথ অটো চালানোর ইচ্ছা প্রকাশ করলে তিনি স্টিয়ারিং নেন। তবে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি রাস্তার পাশে উল্টে যায়।
এই দুর্ঘটনায় মোট ৫ জন আহত হন। আহতরা হলেন— স্বর্ণবালা দাস (৭১), অনুপ দাস (৭), গীতা দেবনাথ (৩২), সজল দেবনাথ (২৪) এবং মমতা দেবনাথ (৫০)। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের শান্তির বাজার ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে সাব্রুম ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসে। উদ্ধারকারী দলের ফায়ারম্যান মৃনাল কান্তি দাস জানান, জরুরি খবর পেয়ে তারা দ্রুত দৌলবাড়ী এলাকায় পৌঁছে আহতদের উদ্ধার করেন।
সাব্রুম মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ রাকেশ মজুমদার জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*