আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল || আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও ঘটা করে পালিত হল হনুমান জয়ন্তী। ভগবান হনুমান, যিনি শিবের অবতার এবং অঞ্জনী-পুত্র হিসেবে পরিচিত, তাঁর জন্মতিথি উপলক্ষে ভক্তদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও ভক্তিভাব।
চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত এই পবিত্র উৎসব ভক্তি, শক্তি, সাহস এবং ভগবান রামের প্রতি নিঃস্বার্থ সেবার প্রতীক হিসেবে বিবেচিত হয়। দিনটিকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।
এই দিনে ভক্তরা উপবাস থেকে শুরু করে বিশেষ পূজা-অর্চনা করেন এবং ভগবান হনুমানের আশীর্বাদ কামনা করেন। অশুভ শক্তি থেকে সুরক্ষা এবং জীবনে সাহস ও শক্তি অর্জনের উদ্দেশ্যে বহু ভক্ত হনুমান চালিশা পাঠ করেন। বিশ্বাস করা হয়, হনুমানের আরাধনা করলে জীবনের ভয়, বাধা ও নেতিবাচক শক্তি দূর হয় এবং শনি গ্রহের কুপ্রভাব থেকেও মুক্তি মেলে।
রাজ্যের বিভিন্ন মন্দিরের পাশাপাশি আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি হনুমান মন্দিরেও আজ ভোর থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। পূজা দেওয়ার জন্য মন্দিরের সামনে দীর্ঘ লাইন পড়ে এবং সারাদিন ধরেই চলে আরাধনা ও প্রসাদ বিতরণ।
ভক্তদের বিশ্বাস, ভগবান হনুমানের আশীর্বাদে জীবনে শক্তি, সাহস এবং সংকটমোচনের পথ সুগম হয়। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছর ভক্তিভরে উদযাপিত হয় এই পবিত্র দিনটি।
