আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল || ত্রিপুরার চিকিৎসা ব্যবস্থায় এক নতুন ইতিহাস সৃষ্টি হলো। আগরতলার জিবি হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগে এই প্রথমবার প্রায় ২৮ লক্ষ টাকার চারটি জটিল অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে সফলভাবে সম্পন্ন করা হয়েছে চারজন শিশুর উপর।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিরল ও জটিল সমস্যায় আক্রান্ত এই শিশুদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ছিল অত্যাধুনিক অস্ত্রোপচার, যার ব্যয় সাধারণ পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন। কিন্তু সরকারি উদ্যোগ ও চিকিৎসকদের দক্ষতায় এই ব্যয়বহুল অপারেশনগুলি বিনামূল্যে সম্পন্ন হওয়ায় নতুন আশার আলো দেখেছে পরিবারগুলি।
ইএনটি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দল দীর্ঘ সময় ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই অস্ত্রোপচারগুলি সম্পন্ন করেন। বর্তমানে চারজন শিশুই সুস্থতার পথে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
চিকিৎসকরা জানান, এ ধরনের উন্নত চিকিৎসা পরিষেবা রাজ্যেই উপলব্ধ হওয়ায় রোগীদের আর বাইরে যেতে হচ্ছে না, ফলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্বাস্থ্য মহল ও সাধারণ মানুষ। অনেকেই মনে করছেন, ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
