আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল || আসন্ন টিটিএএডিসি নির্বাচনের প্রাক্কালে রাজ্যে নির্বাচনী প্রস্তুতি আরও একধাপ এগোল। মধ্যপ্রদেশ থেকে আনা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগরতলার উমাকান্ত ময়দানে পৌঁছেছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যে ইভিএমগুলো আগরতলায় আনা হয়। আগমনের পর নির্ধারিত সমস্ত প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নির্বাচন কমিশনারের সচিব অনুরাগ সেন জানান, প্রয়োজনীয় নিয়মকানুন ও যাচাই-বাছাই শেষ হওয়ার পর আজই ইভিএমগুলো রাজ্যের বিভিন্ন জেলায় পাঠিয়ে দেওয়া হবে। প্রতিটি জেলায় সেগুলি কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হবে এবং নির্বাচনের দিন ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে।
উল্লেখ্য, টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রশাসনের তরফে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
