নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১২ এপ্রিল || ভোটগ্রহণ শেষের পর ইভিএম ও ব্যালট ইউনিট নিয়ে ভোটকর্মীরা ফেরার সময় সাব্রুমে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ
, এই প্রথমবার ইভিএম বহনকারী গাড়িগুলিকে তিপ্রা মথা দলের সমর্থকরা নিজেদের গাড়ি দিয়ে নজরদারিতে রাখে। এর জেরে সাব্রুম এসডিএম অফিস চত্বরে শতাধিক সমর্থকের ভিড় জমে।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ হঠাৎ ইটবৃষ্টি শুরু হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। নিরাপত্তার স্বার্থে
এসডিএম অফিসের সব গেট বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
ঘটনায় ২-৩ জন সমর্থক আহত হয়ে সাব্রুম মহকুমা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, যদিও তারা সংবাদমাধ্যমে কোনও বক্তব্য দিতে চাননি। ইটের আঘাতে এক সরকারি কর্মচারীর মাথায় চোট লাগে, তাকে এসডিএম অফিসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে সঞ্জীব ত্রিপুরা নামে এক সমর্থককে গুরুতর অবস্থায় সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে শান্তিরবাজারে রেফার করা হয়েছে।
এছাড়াও, ঘটনায় তিনজন পুলিশ কর্মী আহত হন। তাদের মধ্যে এএসআই দেবব্রত শীল মাথা ঘোরা অনুভব করেন। কনস্টেবল প্রণব চক্রবর্তী (৩৯) এবং টুটুন দেবনাথ (৩৭) আহত হয়ে বর্তমানে সাব্রুম মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
