আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল || রবিবার সকাল ৭টা থেকে সারা রাজ্যের পাশাপাশি ১১ মহারানী কেন্দ্রেও স্ব-শাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। শুরু থেকেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটদান করছেন ভোটাররা, যার ফলে ভোটকেন্দ্রগুলিতে উৎসবের আবহ লক্ষ্য করা যাচ্ছে।
সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েছে। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই উৎসাহের সঙ্গে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে ভোট দিতে দেখা গেছে সাধারণ মানুষকে।
এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসেনি। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে এবং গোটা পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে।
এদিকে ১১ মহারানী তেলিয়ামুড়া আসনের ২৮ নম্বর ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন আইপিএফটি প্রার্থী ধনঞ্জয় রিয়াং। ভোট দিয়ে তিনি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করেন।
