বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ এপ্রিল || বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ২৬ নং বীরচন্দ্র কলসী আসনের স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচন। রবিবার সকাল থেকেই আসনের অন্তর্গত ৪৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় এবং বিপুল উৎসাহে সাধারণ মানুষ ভোটদানে অংশ নেন।
দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, প্রতিনিধি এবং কয়েকজন প্রাক্তন মন্ত্রীকেও স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করতে দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্ধারিত সময় পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া চলে।
ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মীরা গণদেবতার রায় ইভিএমে সুরক্ষিত রেখে সেগুলো শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের স্ট্রংরুমে নিয়ে যান।
এদিনের নির্বাচন প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানান ২৬ নং বীরচন্দ্র কলসী আসনের রিটার্নিং অফিসার শান্তিরঞ্জন চাকমা। তিনি জানান, এদিন মোট ৮৪.৮৯ শতাংশ ভোট পড়েছে এবং সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন রিটার্নিং অফিসার শান্তিরঞ্জন চাকমা, দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপী দেববর্মা, শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত, বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস, বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের ওসি সুকান্ত কর্মকারসহ প্রশাসন ও পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর যৌথ প্রচেষ্টায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
