আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল || ভোটের দিন বক্সনগর বিধানসভার অন্তর্গত ভেলুয়ারচর এলাকায় একাধিক উত্তেজনাপূর্ণ ঘটনার অভিযোগ সামনে এসেছে। ভোটকেন্দ্রের সামনে বোমা নিক্ষেপের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও ঘটনার সত্যতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ নিশ্চিতকরণ মেলেনি, তবে পরিস্থিতি সামাল দিতে দ্রুত তৎপর হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা নিক্ষেপের ঘটনার পরই ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ভোটদান প্রক্রিয়ায় প্রভাব পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হয়।
অন্যদিকে, ১০-কুলাই-চাম্পাহাওড় কেন্দ্রের ৪২ নম্বর বুথে বিজেপি ও তিপ্রা মথা সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। বহিরাগত ভোটারদের উপস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হয় বলে দাবি করা হয়েছে। এতে করে এলাকায় উত্তেজনা চরমে পৌঁছায় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
