বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ এপ্রিল || চৈত্র সংক্রান্তিকে সামনে রেখে মানবিক উদ্যোগের নজির গড়ল শান্তিরবাজার শিশুশিক্ষা মন্দির। বিদ্যালয়ের উদ্যোগে গরিব ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত হয়।
বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম চৈত্র সংক্রান্তি। বাংলা বছরের শেষ লগ্নে সাধারণ মানুষ তাঁদের সাধ্যমতো পরিবারের সদস্যদের জন্য নতুন বস্ত্র ক্রয় করে থাকেন এবং নববর্ষের প্রথম দিনে নতুন পোশাক পরিধান করে শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। তবে বর্তমান সময়ে বহু মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে এই আনন্দ থেকে বঞ্চিত হন।
এই বাস্তবতাকে সামনে রেখে শান্তিরবাজার শিশুশিক্ষা মন্দিরের প্রিন্সিপাল উৎপল পাটারীর উদ্যোগে এক ব্যতিক্রমী সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। এলাকার বিভিন্ন বাড়ি থেকে পুরনো কিন্তু ব্যবহারযোগ্য বস্ত্র সংগ্রহ করে একটি অনুষ্ঠানের মাধ্যমে সেগুলি গরিব ও দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এই ধরনের সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় মহলে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে, প্রাপ্ত বস্ত্র পেয়ে উপকৃত মানুষদের মুখে ফুটেছে হাসি, যা এই উদ্যোগের সার্থকতাই তুলে ধরে।
