গন্ডাছড়া হাসপাতাল চৌমুহনীতে দুই দোকানে চুরি: সন্দেহভাজন যুবক আটক, জিজ্ঞাসাবাদে পুলিশ

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৮ এপ্রিল || গন্ডাছড়া হাসপাতাল চৌমুহনী এলাকায় একই রাতে পাশাপাশি দুটি টং দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এক সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার পুলিশ সূত্রে জানা যায়, আটক যুবকের নাম প্রশান্ত বিশ্বাস (২৭)। তাঁর পিতা সুশীল বিশ্বাস এবং বাড়ি গন্ডাছড়ার হরিপুর এলাকায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে গন্ডাছড়া থানা থেকে প্রায় ২০০ মিটার দূরে হাসপাতাল চৌমুহনী এলাকায় পাশাপাশি দুটি দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলির একটি ষাট কার্ড এলাকার বাসিন্দা শিখা বিশ্বাসের এবং অপরটি রাধাচরণ দাসের।
শুক্রবার সকালে দোকান খুলতে এসে মালিকরা তালা ভাঙা অবস্থায় দেখতে পান। অভিযোগ অনুযায়ী, দোকান থেকে ঠান্ডা পানীয়, বিস্কুট, সিগারেট, গ্যাস সিলিন্ডারসহ নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী চুরি যায়। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শীদের তথ্য এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে প্রশান্ত বিশ্বাসকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরির ঘটনায় তার সম্পৃক্ততা, চুরি হওয়া সামগ্রীর অবস্থান এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ রুখতে এলাকায় রাতের পুলিশি টহল জোরদার করারও দাবি উঠেছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্ত সম্পূর্ণ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*