গোপাল সিং, খোয়াই, ২৯ এপ্রিল || সময়ের নিষ্ঠুর পরিহাসে আজ ইতিহাসের সাক্ষী এক ঐতিহ্যবাহী তাসের ঘরের মতো ভেঙে পড়ল। খোয়াই হরি মন্দির সংলগ্ন এলাকার যে বাড়িটি একসময় শহরের হাতেগোনা বনেদি বাড়ির তালিকায় ছিল, যেখানে পা রেখেছিলেন শ্রী শ্রী ১০৮ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব এবং রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ—সেই বসতভিটাই আজ ঋণের দায়ে ক্রোক (Seize) করল ব্যাংক। কয়েক লক্ষাধিক টাকার ঋণ পরিশোধ না করায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার বাড়িটি সিল করে দেয়।
ঘটনার বিবরণে জানা গেছে, ওই এলাকার প্রয়াত সরকারি কর্মচারী দিলীপ সরকারের তিন ছেলে-মেয়ে ব্যাংক থেকে বেশ কিছু পরিমাণ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও ঋণের টাকা সঠিক সময়ে পরিশোধ করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার ব্যাংক কর্তৃপক্ষ প্রশাসনিক সহযোগিতায় গোটা বাড়িটি নিজেদের কব্জায় নেয় এবং সিলগালা করে দেয়।
সবথেকে হৃদয়বিদারক দৃশ্য দেখা যায় বাড়িটি হারানোর সময়। বসতভিটা হারিয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সদস্য শান্তনু সরকার বর্তমানে অসুস্থ, তাঁর সাথে রয়েছেন স্ত্রী এবং একটি ছোট শিশু। মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকু হারিয়ে এই অসহায় পরিবারটি এখন কোথায় যাবে, তা ভেবে কূল পাচ্ছে না। ঐতিহাসিক ও রাজনৈতিক স্মৃতি বিজড়িত এই বাড়ির এমন করুণ পরিণতি দেখে এলাকার মানুষও হতবাক ও মর্মাহত। যে বাড়ির বারান্দায় একসময় রাজ্যের দিকপাল ব্যক্তিত্বদের আনাগোনা ছিল, আজ সেই বাড়ির দরজায় ঝুলছে ব্যাংকের তালা। এই ঘটনায় গোটা খোয়াই শহরে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
