বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ এপ্রিল || সংবাদ প্রকাশের জেরে অবশেষে নড়েচড়ে বসল মহকুমা প্রশাসন। শান্তিরবাজার শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে অবৈধভাবে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালায় মহকুমা প্রশাসন।
জানা যায়, শহরের অন্যতম পরিচিত প্রতিষ্ঠান সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি তৈরির কারখানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই মহকুমা প্রশাসনের খাদ্য দপ্তরের উদ্যোগে ওই কারখানায় হানা দেওয়া হয়।
অভিযান চলাকালীন বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয় এবং সেগুলি মহকুমা শাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এদিনের অভিযানের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, স্থানীয় মহলে অভিযোগ উঠেছে যে, শান্তিরবাজারে নিয়মিতভাবেই গ্যাস সিলিন্ডারের কালোবাজারি চলছে। কীভাবে একাধিক ডোমেস্টিক সিলিন্ডার প্রতিদিন দোকানে সরবরাহ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এখন দেখার বিষয়, অবৈধ ব্যবহার ও কালোবাজারি রুখতে মহকুমা প্রশাসন আগামী দিনে কী ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ করে।
