নির্মীয়মান ছাত্রী নিবাস ঘিরে তিপ্রা মথা বনাম বিজেপি-এসএমসি সংঘাত, উত্তপ্ত গণ্ডাছড়া

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৯ এপ্রিল || গণ্ডাছড়ার তুই চাকমা গিরিশচন্দ্র কারবাড়ী পাড়া স্কুলে নির্মীয়মান ছাত্রী নিবাসকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। পিডব্লিউডি দপ্তরের তত্ত্বাবধানে চলমান এই নির্মাণকাজ ঘিরে একদিকে যেমন দুর্নীতির অভিযোগ তুলেছে তিপ্রা মথা, অন্যদিকে পাল্টা চাঁদাবাজির অভিযোগ এনেছে বিজেপি ও স্কুলের এসএমসি (School Management Committee)।
তিপ্রা মথার অভিযোগ, ছাত্রী নিবাস নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং কাজ যথাযথ নিয়ম মেনে করা হচ্ছে না। তাদের দাবি, অবিলম্বে মানসম্পন্ন উপকরণ ব্যবহার করে স্বচ্ছভাবে নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।
অন্যদিকে বিজেপি ও সংশ্লিষ্ট এসএমসি কমিটির দাবি, তিপ্রা মথা এই ইস্যুকে সামনে রেখে চাঁদাবাজির চেষ্টা করছে। নির্মাণকাজে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করে অর্থ আদায়ের অভিযোগও তোলা হয়েছে তাদের পক্ষ থেকে।
দুই পক্ষের এই পাল্টাপাল্টি অভিযোগে গণ্ডাছড়া এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রশ্ন, পিডব্লিউডি দপ্তরের অধীন এই গুরুত্বপূর্ণ নির্মাণকাজের মান নিয়ন্ত্রণের দায়িত্ব ঠিক কার উপর বর্তায় এবং তা কতটা সঠিকভাবে পালন করা হচ্ছে?
রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—স্কুলের ছাত্রীদের জন্য নির্মীয়মান এই আবাসন প্রকল্প আদৌ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন হবে কি না।
এদিকে, অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট পিডব্লিউডি দপ্তরের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*