টিটিএএডিসি’র সংস্কার ও সাংবিধানিক দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ প্রদ্যুৎ, ষষ্ঠ তফশিলভুক্ত এলাকার উন্নয়নে চাইলেন হস্তক্ষেপ

গোপাল সিং, খোয়াই, ২৯ এপ্রিল || টিটিএএডিসি বা ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের প্রশাসনিক কাঠামো সংস্কার এবং তিপ্রাসাদের দীর্ঘদিনের সাংবিধানিক দাবিদাওয়া নিয়ে আজ রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু’র সাথে সাক্ষাৎ করলেন তিপ্রামথা পার্টির সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা। মূলত পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য স্বশাসিত পরিষদের মতো ত্রিপুরাকেও সমমর্যাদা দেওয়ার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রদ্যুৎ মাণিক্য জানান, ত্রিপুরা এডিসি-কে আধুনিকীকরণ এবং প্রশাসনিকভাবে ঢেলে সাজানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে তিনি রাজ্যপালকে বিস্তারিতভাবে অবহিত করেছেন। পাশাপাশি তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন যে, উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের স্বশাসিত পরিষদগুলো যেসব সাংবিধানিক সুযোগ-সুবিধা ভোগ করে, ত্রিপুরার এডিসি আজও তা থেকে বঞ্চিত। এই বৈষম্য দূর করতে এবং তিপ্রাসাদের ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে তিনি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন।
রাজ্যপাল হলেন ষষ্ঠ তফশিলভুক্ত এলাকার প্রধান অভিভাবক বা কাস্টোডিয়ান। সেই সাংবিধানিক অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা বিভিন্ন অমীমাংসিত বিষয়ে রাজ্যপালের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন। রাজ্যপালের সাথে এই মতবিনিময় অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে তিনি জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*