জম্পুইজলা ব্লকে TRESP কার্যক্রমে সন্তোষ বিশ্বব্যাংক-FAO প্রতিনিধি দলের, জীবিকা উন্নয়নে ইতিবাচক অগ্রগতি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল || ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকায় টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়িত ত্রিপুরা রুরাল ইকনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (TRESP)-এর অগ্রগতি খতিয়ে দেখতে ২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন ব্লকে সরেজমিনে পরিদর্শন করেন বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। এরই অংশ হিসেবে জম্পুইজলা আর ডি ব্লকে মাঠ পর্যায়ে পরিদর্শন চালায় বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের জীবিকা দল এবং ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (FAO), ইতালির বিশেষজ্ঞরা।
পরিদর্শনকালে প্রতিনিধি দল বিভিন্ন প্রডিউসার গ্রুপ (PG)-এর সঙ্গে সরাসরি মতবিনিময় করে। রিশা এগ্রি ও হর্টি PG এবং হামজোড়া ফিশারি PG-র সদস্যরা TRESP-এর সহায়তায় আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং বাজার সংযোগে উল্লেখযোগ্য অগ্রগতির অভিজ্ঞতা তুলে ধরেন। গ্রামীণ স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং কমিউনিটি-নির্ভর উদ্যোগের জন্য প্রতিনিধি দল বিশেষ প্রশংসা করে।
জনজাতি কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত TRESP প্রকল্পটি ইতিমধ্যেই ত্রিপুরার জনজাতি এলাকায় একটি রূপান্তরমূলক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে। টেকসই জীবিকা মডেল গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করা এবং আয় বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে প্রতিনিধি দল পর্যবেক্ষণ করে। দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সহায়তা এবং জীবিকার বৈচিত্র্যায়নের সমন্বিত প্রয়াস গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হচ্ছে বলেও তারা উল্লেখ করে।
এছাড়াও, ক্লাস্টার লেভেল ফেডারেশন (CLF) এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলির কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে প্রকল্পের বিভিন্ন উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। সামগ্রিক বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল ভবিষ্যতে আরও জীবিকা বৈচিত্র্যায়নের মাধ্যমে আয়ের সুযোগ বৃদ্ধির পরামর্শ প্রদান করে।
পরিদর্শন শেষে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে প্রতিনিধি দল TRESP প্রকল্পকে ত্রিপুরার জনজাতি এলাকায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই গ্রামীণ উন্নয়নের একটি আদর্শ মডেল হিসেবে উল্লেখ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*