বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ এপ্রিল || বিদ্যুৎ সংযোগ মেরামতির কাজ করতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিট নাগাদ জোলাইবাড়ীর ঠাকুরছড়া বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কালবৈশাখীর প্রবল ঝড়ে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে শ্রমিকরা মেরামতির কাজে নামেন। অভিযোগ, কোনো ধরনের সেফটি কিট বা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছিল।
এই অবস্থায় কাজ করতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন গর্বরসিং দেববর্মা (৩১) নামে এক শ্রমিক। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেন।
তবে জেলা হাসপাতালে নিয়ে আসার পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
এ ঘটনায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতি নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। অভিযোগ, যথাযথভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই এবং কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই শ্রমিকদের কাজে নিয়োজিত করায় এমন দুর্ঘটনা ঘটেছে।
গর্বরসিং দেববর্মার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখন দেখার বিষয়, মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াতে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে।
