আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || পশ্চিম থানার উদ্যোগে হারিয়ে যাওয়া ও বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া মোট ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। রবিবার পশ্চিম থানায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা।
জানা যায়, বিভিন্ন সময়ে থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পশ্চিম থানার পুলিশ। আধুনিক প্রযুক্তির সহায়তায় ও ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলির সন্ধান পাওয়া যায়। পরে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে মোবাইলগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন পর নিজেদের হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান মোবাইলের মালিকরা। পশ্চিম থানার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সাধারণ মানুষের হারানো সামগ্রী উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
