আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মানবিকতার অনন্য নজির গড়ে তুলল “মাটির টান” ও “দ্য স্মাইল ফাউন্ডেশন”। গত ৯ মে, শনিবার “নবতরঙ্গ ১.০” সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাক্কালে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ খাদ্য বিতরণ কর্মসূচি। এদিন রিকশাচালক, ঠেলা চালক, পথশিশু ও গৃহহীনসহ বিভিন্ন শ্রমজীবী মানুষের হাতে প্যাকেট মিল তুলে দেওয়া হয়।
এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন “দ্য স্মাইল ফাউন্ডেশন”-এর সম্পাদক অনুভব ধর রায়, “মাটির টান” সংস্থার সম্পাদক রোহিত দাস সহ দুই সংগঠনের অন্যান্য সদস্য-সদস্যারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৬০ জনেরও বেশি মানুষের হাতে এদিন খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। মানবিক এই কর্মকাণ্ডকে ঘিরে এলাকাজুড়ে ইতিবাচক সাড়া পড়ে।
এরপর রবিবার সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নং-১ এ অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান “নবতরঙ্গ ১.০”। “মাটির টান” সংস্থার উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও ফ্যাশন শোর মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো প্রেক্ষাগৃহ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাত্যকি ব্যানার্জি। তাঁর সুমধুর কণ্ঠে পরিবেশিত একাধিক জনপ্রিয় গান দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি স্থানীয় প্রতিভাবান শিল্পীদের অংশগ্রহণে নৃত্য ও গানের বিভিন্ন পরিবেশনাও উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
এদিনের অন্যতম আকর্ষণ ছিল বর্ণিল ফ্যাশন শো। আধুনিক ও ঐতিহ্যবাহী সাজে অংশগ্রহণকারীরা মঞ্চ মাতিয়ে তোলেন। শুধু বিনোদন নয়, অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সচেতনতার বার্তাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও আমন্ত্রিত অতিথিরা আয়োজকদের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান। আয়োজক সংস্থার সম্পাদক রোহিত দাস জানান, আগামী দিনেও এ ধরনের সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রতিভাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
