এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া! বিদ্যুৎ-পানীয় জল নেই, বন্ধ মিড-ডে মিল — রাস্তায় নামার হুঁশিয়ারি গ্রামবাসীদের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ মে || “আমরা কি মানুষ না?”— এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া গ্রামের পাঁচ শতাধিক বাসিন্দা। বিদ্যুৎ নেই, পানীয় জলের তীব্র সংকট, স্কুলে বন্ধ মিড-ডে মিল— সব মিলিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে গোটা এলাকার মানুষের। আর এই পরিস্থিতির জন্য বকাফা বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতিকেই দায়ী করছেন গ্রামবাসীরা।
অভিযোগ, রেললাইনের মাটির নিচ দিয়ে আসা এলটি বিদ্যুৎ লাইনটি দীর্ঘ এক মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে জানান, যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। একাধিকবার লিখিতভাবে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার সমাধানে কোনও কার্যকর উদ্যোগ নেয়নি বিদ্যুৎ দপ্তর।
বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে পানীয় জলের পাম্প। ফলে গ্রামে তীব্র জলসংকট দেখা দিয়েছে। একই সঙ্গে স্কুলে বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে গেছে মিড-ডে মিল রান্নার কাজ। এতে চরম সমস্যায় পড়েছে পড়ুয়ারা। প্রচণ্ড গরমে শিশু থেকে বৃদ্ধ— সকলেই অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন।
ক্রমশ ক্ষোভ বাড়তে থাকায় বুধবার বকাফা বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। এক প্রতিনিধি দল এসডিও-র দপ্তরে গিয়ে অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি জানান। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী কয়েকদিনের মধ্যেই রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*