আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে || রাজ্যের বর্তমান পরিস্থিতি, কর্মসংস্থানের সংকট এবং যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করল প্রদেশ কংগ্রেস ও যুব কংগ্রেস। সোমবার অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ আচার্য এবং যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা।
সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা রাজ্য সরকারের বিভিন্ন দাবি ও সুশাসনের প্রচারের সমালোচনা করে বলেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রীরা কর্মসংস্থান ও উন্নয়নের কথা বললেও বাস্তবে রাজ্যের বহু যুবক-যুবতী আজ বেকারত্বের সমস্যায় জর্জরিত। তিনি অভিযোগ করেন, কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি না হওয়ায় যুব সমাজের একাংশ নেশার করাল গ্রাসে চলে যাচ্ছে।
এই পরিস্থিতির বিরুদ্ধে ‘নেশা নয়, চাকরি চাই’ স্লোগানকে সামনে রেখে যুব কংগ্রেসের আন্দোলন আরও জোরদার করা হবে বলে ঘোষণা করেন নীলকমল সাহা। তিনি জানান, রাজ্যের যুবসমাজের স্বার্থে আগামী দিনেও বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচি ও আন্দোলন চালিয়ে যাবে সংগঠন।
অন্যদিকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ আচার্য চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিভিন্ন সাম্প্রতিক ঘটনা ও প্রশাসনিক কার্যকলাপের সমালোচনা করেন। তিনি দাবি করেন, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হয়েছে এবং বিরোধীদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।
সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতারা রাজ্যের বেকার যুবকদের স্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে সরকারের কাছে দ্রুত কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
