উত্তর মহারানীপুরে পুলিশি হানা: গাড়ি ফেলে পালালো চালক, বিপুল পরিমাণ বেআইনি সেগুন কাঠ বাজেয়াপ্ত করলো পুলিশ

গোপাল সিং, খোয়াই, ০৫ জুন || গোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই জেলার কল্যাণপুর থানার পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে একটি গাড়ি সহ বিপুল পরিমাণ বেআইনি সেগুন কাঠ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়েই গাড়ি ফেলে চম্পট দিয়েছে মূল অভিযুক্ত চালক।
পুলিশ সূত্রে জানা গেছে, কল্যাণপুর থানার সাব-ইন্সপেক্টর অঞ্জন দেববর্মার নেতৃত্বে পুলিশের একটি সচল টহলদারী দল উত্তর মহারানীপুর এলাকায় ওত পেতে বসেছিল। সেই সময় সন্দেহভাজন একটি গাড়িকে (যার রেজিস্ট্রেশন নম্বর TR-06C-1823) আটক করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা।
এরপর ওই গাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৭০ থেকে ৮০ কিউবিক ফুট বেআইনিভাবে পাচার হতে থাকা মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করা হয়। কিন্তু পুলিশের গাড়িটি সামনে আসতেই গ্রেপ্তার হওয়ার ভয়ে চালক গাড়িটি মাঝরাস্তায় ফেলে রেখেই চতুরতার সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ আইনানুগ প্রক্রিয়া মেনে কাঠসহ পাচারকাজে ব্যবহৃত ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং সুরক্ষার স্বার্থে সেটিকে কল্যাণপুর থানায় নিয়ে আসে। এই বেআইনি কাঠ পাচার চক্রের সাথে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্ত জারি রয়েছে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*