রাজ্যপালের দ্বারস্থ ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম, ডিজিটাল সাংবাদিকতার উন্নয়নে একগুচ্ছ দাবিতে স্মারকলিপি প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুন || রাজ্যের নিউজ পোর্টালগুলির স্বার্থরক্ষা এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নের দাবিতে মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর দ্বারস্থ হলো ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম। সোমবার ফোরামের একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁর হাতে একগুচ্ছ দাবি-সংবলিত স্মারকলিপি তুলে দেয়।
সম্পাদক, সাংবাদিক, আলোকচিত্রী এবং ক্রীড়া সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনের পক্ষ থেকে রাজ্যপালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি রাজ্যের ওয়েব মিডিয়া ক্ষেত্রের সার্বিক উন্নয়ন, সংবাদমাধ্যমের স্বার্থরক্ষা এবং ডিজিটাল সাংবাদিকতার প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তাঁর হস্তক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপিতে মূলত তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে বলে ফোরাম সূত্রে জানা গেছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমান সময়ে ডিজিটাল সংবাদমাধ্যমের ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনা করে এই ক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
রাজভবনে স্মারকলিপি প্রদানের সময় ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক অভিষেক দে উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে আরও ছিলেন ফোরামের সভাপতি বাপ্পি রায়, হীরক গুপ্ত, শান্তনু বিশ্বাস, দ্বীপজিৎ আচার্য, এবং গৌতম ঘোষ প্রমুখ।
ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, রাজ্যপাল সংগঠনের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং রাজ্যের ডিজিটাল সংবাদমাধ্যমের বিকাশ ও সাংবাদিকদের স্বার্থরক্ষায় ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*