সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে ত্রিপুরায় উচ্চপর্যায়ের বৈঠক, জাতীয় সড়কে নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপের নির্দেশ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন || দেশের মহামান্য সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ বাস্তবায়নে ত্রিপুরায় জাতীয় সড়ক নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিল রাজ্য সরকার। মঙ্গলবার সচিবালয়ের ভিসি হল ঘরে হাইব্রিড মোডে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
প্রসঙ্গত, ২০২৫ সালের নভেম্বরে রাজস্থানের ফালোদি এবং তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলা-য় সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ৩৪ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করে দেশের মহামান্য সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া। এ সংক্রান্ত সুও-মোটো রিট পিটিশন (সিভিল) নং ৯/২০২৫ – In Re: Phalodi Accident vs National Highways Authority of India & Others মামলায় আদালত গত ১৩ এপ্রিল, ২০২৬ তারিখে এক ঐতিহাসিক আদেশ জারি করে।
আদালতের নির্দেশে জাতীয় মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে বেআইনি জবরদখল, অননুমোদিত পার্কিং এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন ঘাটতি দূর করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
এ প্রেক্ষিতে আয়োজিত বৈঠকে স্বরাষ্ট্র, পরিবহন, স্বাস্থ্য, পূর্ত, গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন, রাজস্ব ও পঞ্চায়েত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি রাজ্যের আট জেলার জেলা শাসক, পুলিশ সুপার, ট্রাফিক পুলিশ সুপার এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)-এর আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ, সমন্বিত নজরদারি, অবৈধ দখল ও পার্কিং নিয়ন্ত্রণ এবং জরুরি সাড়া প্রদানের ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
নিজের সামাজিক মাধ্যমের পোস্টে মন্ত্রী বলেন, “সড়ক নিরাপত্তা আমাদের সকলের দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে একটি নিরাপদ ত্রিপুরা গড়ে তুলি।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*